গোলাপগঞ্জ সংবাদদাতা:
যৌন হয়রানীর মামলায় গোলাপগঞ্জে সুহেল আহমদ নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে নিজ গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
আটক সুহেল আহমদ শরীফগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তার বাবা একই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গির আলম।
মামলার অভিযোগ থেকে জানা যায়,গতকাল আওয়ামীলীগ নেতা এম এ মুমিত হীরার মেয়ে সাবিনা বেগম কলেজ থেকে ফেরার পথে সুহেল আহমদ গতিরোধ করে সাবিনাকে অনৈতিক প্রস্তাব দেয়৷ সাবিনা প্রস্তাবে রাজি না হওয়ায় সুহেল তার শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় সাবিনার চিৎকার শুনে আলী হোসেন নামে একজন ‘রাখাল বালক’ এগিয়ে আসলে সুহেল সেই রাখাল বালককেও ছুরিকাঘাতের চেষ্টা করে। সাবিনা এবং আলী হোসেনেট চিৎকার শুনে ২/৩ জন পথচারী এগিয়ে আসলে ছাত্রদল নেতা সুহেল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় আজ আওয়ামীলীগ নেতার মেয়ে সাবিনা বেগম বাদী হয়ে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে পুলিশ ছাত্রদল নেতা সুহেল আহমদকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমীন জানান,কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে সুহেল আহমদ নামে একজনকে আটক করা হয়েছে। খুব দ্রুতই তাকে আদালতে পাঠানো হবে।
